ফুটবলের পরাশক্তি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল এবার ক্রিকেট খেলাতেও গড়েছে এক নতুন ইতিহাস। দীর্ঘ ৩১বছরের প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে দেশটি।
১৯৯৫ সালে সূচনা হওয়া দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ২১তম আসরের ফাইনাল ম্যাচে রোববার (৯ আগস্ট) মুখোমুখি হয় ব্রাজিল ও পানামা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রোমাঞ্চকর ফাইনালে পানামাকে ৩ রানে হারিয়ে ঐতিহাসিক ট্রফিটি নিজেদের করে নেয় ব্রাজিলিয়ানরা। এর আগে তারা ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ আসরে রানার্সআপ হয়ে শিরোপাবঞ্চিত হয়েছিল।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল আর্জেন্টিনা (১২ বারের চ্যাম্পিয়ন) গত দুই আসরে অংশ নেয়নি।
কলম্বিয়ায় অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় টসে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে ব্রাজিল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন উইলিয়াম ম্যাক্সিমো।
১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাহমেদ বাওয়ার ৪৬ রানের লড়াকু ইনিংসে জয়ের পথেই ছিল পানামা। তবে ব্রাজিলের বোলারদের দুর্দান্ত কৃপণ বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১২৫ রানেই থমকে যায় তাদের ইনিংস। ব্রাজিলের জয়ে দারুণ ভূমিকা রাখেন বোলার আসুনসাও ও গ্যাব্রিয়েল অলিভেইরা। ৩ ওভারে ১৯রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪রান চমৎকারভাবে রক্ষা করেন আসুনসাও। এছাড়া অলিভেইরা ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট এবং ইয়াসা হারুন পানামার ২টি উইকেট শিকার করেন।

আপনার মতামত দিন