হোম / সারাদেশ / মৃত্যুর পর এলো এসএসসির ফল, জিপিএ-৫ পেয়েও নেই...
সারাদেশ

মৃত্যুর পর এলো এসএসসির ফল, জিপিএ-৫ পেয়েও নেই মেধাবী শিহাব

কুমিল্লা প্রতিনিধি
১০ আগস্ট, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুদিন আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মেধাবী শিক্ষার্থী শিহাব।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুদিন আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মেধাবী শিক্ষার্থী শিহাব। প্রকাশিত ফলে সে জিপিএ-৫ অর্জন করলেও, এই আনন্দের খবরটি তার পরিবারে কোনো হাসি ফোটাতে পারেনি; বরং স্বজনদের হৃদয়ের ক্ষতকে আরও গভীর করে তুলেছে।

নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের গাজীর বাড়ির তফাজ্জল হোসেনের বড় ছেলে। পরিবারের সঙ্গে সে গাজীপুরে বসবাস করত এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল শিহাব। গত ৮ আগস্ট ছিল তার চাচার বৌভাতের অনুষ্ঠান। সেদিন দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় ডেকোরেশনের ছেঁড়া মরিচবাতির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিহাবের এই অকালপ্রয়াণে কান্নায় ভেঙে পড়ে তার চাচা জিয়াউল হক বলেন, "শিহাব জিপিএ-৫ পাবে—এমন প্রত্যাশা আমাদের সবারই ছিল। শিহাব বেঁচে থাকলে আজ বাড়িটা খুশিতে ভরে উঠত, সবাই আনন্দ করত। কিন্তু এই ফল প্রকাশের খবরটি আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।"

এই হৃদয়বিদারক ঘটনার বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে থেকে তাদের সান্ত্বনা দেওয়ার নির্দেশনা দিয়েছি।"

ক
কুমিল্লা প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+