হোম / সারাদেশ / ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:...
সারাদেশ

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১১ আগস্ট, ২০২৬ | ১০:৩৬ অপরাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, আগামী ১৮ আগস্ট থেকে মাদকের বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, আগামী ১৮ আগস্ট থেকে মাদকের বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার (১১আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক মাদকবিরোধী শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সমাজ থেকে অপরাধ ও সন্ত্রাস নির্মূল করে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সরকারের নেওয়া ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

কুমিল্লাকে মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গণপূর্তমন্ত্রী বলেন, সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদক কুমিল্লায় প্রবেশ করছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেও পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে। তবে প্রশাসন এই মাদক সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।

কুমিল্লায় কোনো মাদক কারবারিকে আশ্রয় দেওয়া যাবে না উল্লেখ করে মন্ত্রী পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। মাদকবিরোধী অভিযানকে আরও সুসংগঠিত করতে প্রতিটি থানায় একটি করে 'তথ্য বক্স' স্থাপন করা হবে বলে জানান তিনি, যাতে সাধারণ মানুষ গোপনীয়তা রক্ষা করে মাদক কারবারিদের তথ্য দিতে পারেন।

তিনি আরও বলেন, এই অভিযান কোনো একদিনের জন্য নয়; বরং এটি একটি ধারাবাহিক সামাজিক আন্দোলন। মাদকমুক্ত সমাজ গঠনে কুমিল্লা জেলা পুলিশ সামনে থেকে নেতৃত্ব দেবে এবং সর্বস্তরের মানুষকে এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও জেলা পরিষদের প্রশাসক মো. মুস্তাক মিয়া।

ক
কুমিল্লা প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+