অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক দশকের প্রেমের সফল পরিণতি দিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ান রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। বাগদানের ঠিক এক বছরের মাথায় বিয়ের পিঁড়িতে বসলেন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাতে আংটি পরা ও সাদা পোশাকে তোলা একটি ছবি যৌথভাবে পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন রোনালদো ও জর্জিনা। ছবির ক্যাপশনে লেখা ছিল—"সি লাভ জি" (C Love G)।
প্রাথমিকভাবে গুঞ্জন ছিল রোনালদো তার জন্মশহর পর্তুগালের মাদেইরোতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। সে খবরে শহরটির একটি ক্যাথেড্রালের সামনে ভক্ত ও গণমাধ্যমকর্মীরা ভিড় জমালেও পরে জানা যায় সেখানে অন্য এক দম্পতির বিয়ে হচ্ছিল।
তবে একই দিনে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিয়ের পর্বটি শেষ করেন তারা। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরের ক্যাসকাইস শহরে সম্পূর্ণ পারিবারিক আমেজে আয়োজিত হয় এই বিবাহ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান।
এর আগে, গত বছরের ১১ আগস্ট অত্যন্ত সাদামাটাভাবে বাগদান সম্পন্ন করেছিলেন রোনালদো ও জর্জিনা। ঠিক তার এক বছর পূর্তিতে কোনো জমকালো আয়োজন ছাড়াই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন।
২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে প্রথম পরিচয় হয় তাদের। সেখান থেকে প্রণয় এবং পরবর্তীতে এক ছাদের নিচে ১০ বছরের দীর্ঘ পথচলা। তিন সন্তানের জনক-জননী হওয়ার পর আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর স্বীকৃতি পেলেন রোনালদো-জর্জিনা জুটি।

আপনার মতামত দিন