বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৩আগস্ট)। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ২০০৩ সালের পর এই প্রথম ক্যাঙ্গারুর দেশে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে টাইগাররা।
ম্যাচ শুরুর প্রাক্কালে ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অধিনায়কদের অংশগ্রহণে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা পেল বহুল আলোচিত এই সিরিজ।
সিরিজের প্রথম টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি। আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অন-ফিল্ডে থাকবেন নীতিন মেনন ও কুমার ধর্মসেনা এবং তৃতীয় আম্পায়ার হবেন রিচার্ড ইলিংওর্থ। দুই টেস্টেই ম্যাচ রেফারির ভূমিকায় দেখা যাবে রিচি রিচার্ডসনকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শক্তিশালী অস্ট্রেলিয়া।
ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরে খানিকটা ব্যাকফুটে থাকলেও মূল লড়াইয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী নাজমুল হোসেন শান্তর দল। অপরদিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো তারকাদের নিয়ে গড়া পূর্ণ শক্তির দল নামাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে ২৩বছর পরের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা।

আপনার মতামত দিন