ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাব্বী স্থানীয় একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকান পরিচালনা করতেন। তিনি মাসকান্দা এলাকার জেলা পরিষদ হাইস্কুল রোডের মোবারক হোসেন ভুট্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন রাব্বী। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে রাব্বী দৌড়ে নিকটস্থ একটি দোকানের ভেতর আশ্রয় নিলে হামলাকারীরা ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই পুরো মাসকান্দা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। রাব্বীর সঙ্গে তাদের প্রতিবেশী সাব্বিরের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, এই হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই সরাসরি জড়িত।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন