চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে’ একটি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও একাধিক শ্রমিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে অবস্থানরত একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ইয়ার্ডে গ্যাস লিক হয়ে অসুস্থ পড়া ৬ শ্রমিককে হাসপাতালে আনা হলে দুপুর সাড় ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথম একটি ট্যাংকে গ্যাস লিকের বিষয়টি টের পায়। তা পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানিয়েছেন, ওই দুর্ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। উদ্ধার কাজ ও পরিস্থিতির তদন্ত চলছে।

আপনার মতামত দিন