হোম / সারাদেশ / কালকিনিতে মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণে ৪ শিক...
সারাদেশ

কালকিনিতে মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণে ৪ শিক্ষার্থী আহত

মাদারীপুর প্রতিনিধি
১৫ আগস্ট, ২০২৬ | ০১:২৪ পূর্বাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসা সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ওই মাদ্রাসার পাশের বাসিন্দা ইমন সরদারের বসতঘরের সামনে আচমকা একটি বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসা শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) আহত হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ঘটনার বিষয়ে ঘরের মালিক ইমন সরদার জানান, "আমার ঘরের সামনে কীভাবে বা কে বা কারা বোমা রেখেছিল কিংবা কীভাবে বিস্ফোরণ ঘটল, তা আমি জানি না।"

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে তাঁর মাদ্রাসার ৪ জন কোমলমতি শিক্ষার্থী আহত হয়েছে।

খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার বিবরণ দিয়ে ওসি মো. জহিরুল আলম জানান, "মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং কারা বা কীভাবে এই ঘটনাটি ঘটিয়েছে তা অনুসন্ধানে তদন্ত চলছে।"

ম
মাদারীপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+