রাঙামাটির সদর উপজেলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে পিকআপটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫) মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে শোভা চাকমা (৫২) নামের আরেকজন মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫) নামের দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত দিন