সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বিকট শব্দে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, পুলিশ পৌঁছানোর আগেই একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।

আপনার মতামত দিন