“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিরা। পরবর্তীতে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার এবং স্থানীয় সফল মৎস্যচাষিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য তিনজন সফল মৎস্যচাষিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
মো. মুবিনুল হক চৌধুরী (সুখবিলাস, পদুয়া), মো. নঈম উদ্দিন (উত্তর পদুয়া), আলহাজ্ব নুর মোহাম্মদ তালুকদার (ইসলামপুর)
পুরস্কার গ্রহণের পর শাহ আমানত রাঙ্গুনিয়া এগ্রো ফার্মস লিমিটেডের সত্ত্বাধিকারী মো. মুবিনুল হক চৌধুরী বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে চাষিরা নিরলস কাজ করে গেলেও তারা নানা আর্থিক সংকটে জর্জরিত।
বিশেষ করে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের ঘুরে দাঁড়াতে সুদমুক্ত ও দীর্ঘমেয়াদি ঋণের জোর দাবি জানান তিনি।

আপনার মতামত দিন