ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার আকস্মিক মৃত্যুর খবর সইতে না পেরে বিষপানে তানভীর (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তাঁর বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেলে সেখানে অবস্থানকালে তিনি জানতে পারেন তাঁর প্রেমিকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রিয়জনের মৃত্যুর শোক সামলাতে না পেরে বিকেল ৪টার দিকে তিনি বিষপান করেন।
পরিবারের সদস্যরা তানভীরকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় অপমৃত্যুর এজাহার জমা দিয়েছেন। লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত দিন