রাজধানীর মিরপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবির) পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি দেয়াল ধসে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই এলাকায় টিসিবির সাশ্রয়ী মূল্যের নিত্যপণ্য কিনতে বেশ কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। দুপুর দেড়টার দিকে হুট করেই মিরপুর কলেজের পুরোনো ও জরাজীর্ণ দেয়ালটি লাইনে অপেক্ষমাণ লোকজনের ওপর ধসে পড়ে। এতে বেশ কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং দেয়ালচাপা পড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, দেয়াল ধসে আটজন আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নাসিমা বেগম নামে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুরুষ মারা যান।
এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় এক নারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মতামত দিন