দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি প্রবাসী নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে কুইন্সটাউনের (বর্তমান কোমানি) সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আগুন লাগার সময় দোকানের পেছনের আবাসিক কক্ষে ওই সাতজন বাংলাদেশি ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)। নিহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়। বাকি দুজনের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রবাসীদের এমন নির্মম মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এর আগেও দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছিল। ২০১৮ সালে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে এক আগুনে চারজন এবং ২০২৪ সালে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গে অগ্নিকাণ্ডে দুই প্রবাসী মারা যান।

আপনার মতামত দিন