বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরুর এক দিন আগেই চমক দিয়ে চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একাদশে একাধিক পরিবর্তনের আভাস থাকলেও শেষ পর্যন্ত কুইন্সল্যান্ডের আবহাওয়া ও উইকেটের কথা বিবেচনায় এনে কেবল একটি পরিবর্তন আনা হয়েছে।
শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় সিরিজ বাঁচানোর মিশনে নামছে প্যাট কামিন্সের দল। মধ্য কুইন্সল্যান্ডের আবহাওয়ার কারণে নাথান লায়নের জায়গায় পেসার স্কট বোল্যান্ডের খেলার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত স্পিন আক্রমণের মূল কাণ্ডারি লায়নকে একাদশে রেখে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার একাদশে একমাত্র পরিবর্তনটি এসেছে টপঅর্ডার ব্যাটিংয়ে। বাদ পড়েছেন ব্যাটার জ্যাক ওয়েদারাল্ড, আর তাঁর স্থলাভিষিক্ত হয়ে দীর্ঘ বিরতির পর একাদশে ফিরেছেন ম্যাট রেনশ। রেনশ নতুন করে ওপেনিং সামলাবেন। এছাড়া সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভোগা মার্নাস লাবুশেন তিন নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন। ডারউইন টেস্টের একাদশের বাকি সদস্যরা অপরিবর্তিত রয়েছেন।
প্রথম টেস্টের পরিস্থিতির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হাতছাড়ার ঝুঁকি রয়েছে স্বাগতিকদের সামনে। তাই সিরিজ ড্র বা পরাজয় এড়াতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই প্যাট কামিন্সের দলের সামনে।
অস্ট্রেলিয়া একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

আপনার মতামত দিন