জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যাওয়ার কারণে আকস্মিকভাবে ট্রেনটি বিকল হয়ে পড়েছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি বগির কয়েল স্প্রিং ভেঙে নিচে নেমে যায় এবং ট্রেনটি লাইনের ওপর আটকা পড়ে। ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী কোচের স্প্রিং ভাঙার বিষয়টি দ্রুত টের পাওয়ায় বড় ধরনের সম্ভাব্য দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
এই আকস্মিক বিঘ্নের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী বিভিন্ন রুটসহ পুরো উত্তরাঞ্চলের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
এদিকে, উদ্ধারকাজে পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে উদ্ধারকাজ সম্পন্ন করে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

আপনার মতামত দিন