খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলা এই প্রবল বর্ষণে নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূধি চাকমা জানান, ওই তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ভারী বর্ষণের ফলে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে দীঘিনারার মেরুং, কবাখালি ও বোয়ালখালি এলাকার নিচু অঞ্চল প্লাবিত হয়ে অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এছাড়া দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৫ মাইল ও ৯ মাইল এলাকায় পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ধসে পড়া অংশ থেকে মাটি সরানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। অন্যদিকে, পাহাড়ি ছড়াগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আকস্মিক ঢল বা হরকা বানের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

আপনার মতামত দিন