যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) আচরণবিধি ভঙ্গের দায়ে আর্থিক জরিমানা করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষ ফুটবলার কুইন সুলিভানের গায়ে হাত তোলার ঘটনায় লীগ কর্তৃপক্ষ তাকে এই শাস্তি প্রদান করে।
এমএলএস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ম্যাচের দ্বিতীয়ার্ধে বলের বাইরে থাকা অবস্থায় ফিলাডেলফিয়া ফরোয়ার্ড কুইন সুলিভানের মুখে হাত দিয়ে বসেন মেসি। এমএলএসের হাত, মুখ, মাথা বা গলায় আঘাত সংক্রান্ত নীতি লঙ্ঘনের দায়ে তাকে এই অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়। মাঠের রেফারি সে সময় মেসিকে কোনো কার্ড না দেখালেও পরবর্তী সময়ে ভিডিও ফুটেজের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্টার মায়ামি জার্সিতে এটি মেসির দ্বিতীয় জরিমানা। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক সিটি এফসির সহকারী কোচকে জড়িয়ে ধরে প্রথম জরিমানা গুনেছিলেন তিনি।
এদিকে, একই ম্যাচের শেষ মুহূর্তের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফিলাডেলফিয়ার ১৬বছর বয়সী উদীয়মান তারকা কাভান সুলিভানকে মাঠের রেফারি সরাসরি লাল কার্ড দেখালেও, পরবর্তী সময়ে স্বাধীন রিভিউ প্যানেলের সর্বসম্মত আপিলের প্রেক্ষিতে তার সেই লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ফলে আগামী ম্যাচে তার মাঠে নামতে কোনো বাধা নেই। চলমান লীগে ২০ম্যাচ শেষে ৩৯পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি।

আপনার মতামত দিন