বগুড়া সদর উপজেলার আশোকোলা এলাকায় সাইফুল ইসলাম (সাইফুল) নামে ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। স্থানীয় বাঘোপাড়া বাজারে চা পান শেষে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আশোকোলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের গতিরোধ করে।
পূর্বপরিচিত হওয়ায় তাদের সঙ্গে কথা বলতে শুরু করলে একপর্যায়ে বাকবিতণ্ডা বাধে। পরে ওই যুবকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে রাস্তার পাশের জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

আপনার মতামত দিন