পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি প্রতিনিধি দল আকস্মিকভাবে ঢাকা সফর করেছে। রোববার (২৩ আগস্ট) বিকেল তিনটার দিকে প্রতিনিধি দলটি রাজধানীর জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। এ সময় তারা মাঠের বর্তমান অবস্থা, ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স এবং গ্যালারি ঘুরে দেখেন। এছাড়া তারা কিংস অ্যারেনা পরিদর্শন করার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। এই ভারত সফরের অংশ হিসেবেই মূলত বাংলাদেশকেও ভাবনায় রেখেছে তারা। ফিফা উইন্ডোর শেষ দিন আগামী ৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। জানা গেছে, প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় এসে ম্যাচটি খেলার প্রস্তাব দিয়েছে তারা।
তবে ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর এবং ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। জাতীয় দলের ব্যস্ততা ও সূচির বিষয়টি বিবেচনা করে বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

আপনার মতামত দিন