অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিয়ে, জন্মদিন কিংবা যে কোনো উৎসবে মিষ্টান্ন হিসেবে বাঙালির ঐতিহ্যে বগুড়ার দইয়ের রয়েছে এক বিশেষ স্থান। স্বাদ, ঘনত্ব, রং ও অনন্য বৈশিষ্ট্যের কারণে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের কাছেও এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই দই।
জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) পণ্যের স্বীকৃতি পাওয়ায় বগুড়ার দইকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের সামনে।
বগুড়ার দইয়ের ব্যবসা এখন আর ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ নেই। শহর ও বিভিন্ন উপজেলায় শতাধিক কারখানা এবং শোরুমে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ কোটি টাকার দই এবং প্রায় ৩০০ কোটি টাকার মিষ্টি কেনাবেচা হয়ে থাকে। এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাটির সরা ও হাঁড়ি তৈরির শিল্পও।
শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) ২০২৩ সালে বগুড়ার দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। ব্যবসায়ীদের মতে, এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে পরিকল্পিত উপায়ে আন্তর্জাতিক বাজারে দই রপ্তানি করা গেলে নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত দিন