এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার মাত্র ২৪ ঘণ্টা আগে ‘বিতর্কিত’ ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সফর ঘিরে নানা নাটকিয়তার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে বাফুফের এক নির্ভরযোগ্য সূত্র।
বুধবার (২৬ আগস্ট) উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সফর শুরুর ঠিক এক দিন আগে প্রধান কোচকে সরিয়ে দেওয়া হলো। তার অনুপস্থিতিতে দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু আপাতত দলের কোচের দায়িত্ব সামলাবেন। ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের আগে কোচিং স্টাফে আরো রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাফুফে।
উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ জেরার্ড জোন্সকে গত জুনে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও শুরু থেকেই বিতর্ক তার পিছু ছাড়েনি। যশোরে অনুশীলন ক্যাম্প চলাকালে বকেয়া বেতন ও নিরাপত্তার অভাব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বাফুফেকে প্রথম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন তিনি।
পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় সম্প্রতি রাজধানীর হোটেল হলিডে ইন-এ। সেখানে সহকারী কোচ মিশুর সাথে তীব্র বাদানুবাদের একপর্যায়ে শারীরিক হাতাহাতিতে জড়িয়ে পড়েন জোন্স। ঘটনা সামাল দিতে তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে টিম হোটেলে পুলিশ ডেকে আনেন। পরবর্তীতে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং বাফুফের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন।
কোচদের মারামারি ও পুলিশ ডাকার মতো সংবেদনশীল ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়াতে বাফুফে মঙ্গলবার বিকেলে নির্ধারিত দলের সংবাদ সম্মেলনটি শেষ মুহূর্তে বাতিল করে বলে ধারণা করা হচ্ছে। ‘অনিবার্য কারণ’ দেখিয়ে এই সংবাদ সম্মেলন বাতিল করে বাফুফে মিডিয়া বিভাগ।

আপনার মতামত দিন