গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড ‘টেকনো’ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও আধুনিক প্রযুক্তিকে একসূত্রে বেঁধে তরুণ প্রজন্মের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যেই এই তারকাকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এই পার্টনারশিপের মূল সুর টেকনোর ব্র্যান্ড স্লোগান ‘স্টপ অ্যাট নাথিং’-এর সাথে সরাসরি মিলে যায়।
পেশাদার ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা ও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার পর থেকে ফুটবলপ্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। সম্প্রতি দেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তনের সময়ে টেকনো এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিল। উল্লেখ্য, টেকনো ‘সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করছে।
এই অংশীদারিত্ব নিয়ে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, "হামজার মধ্যকার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও অবিচল পথচলা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ দর্শনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। টেকনো পরিবারে তাকে স্বাগতম। আসন্ন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ ও হামজার উপস্থিতি—দুইয়ের সমন্বয়ে আমরা ক্রীড়ামোদী ও তরুণদের চমৎকার সব অভিজ্ঞতা উপহার দিতে চাই।"
এই চুক্তি অনুযায়ী টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও প্রোডাক্ট ক্যাম্পেইনে যুক্ত থাকবেন হামজা। বিশেষ করে টেকনোর নতুন ক্যামন সিরিজ, এআই-নির্ভর প্রযুক্তি প্রচার, ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরি ও ফ্যান অ্যাক্টিভেশন কর্মসূচিতে তাকে দেখা যাবে।
নতুন এই সফর প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, "বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের। এখানকার মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সীমাবদ্ধতা ভেঙে ক্রমাগত সামনে এগিয়ে যাওয়ার বিশ্বাসে আমি আস্থা রাখি। ভক্তদের জন্য একসাথে চমৎকার কিছু করার প্রত্যাশা করছি।"
আগামী দিনগুলোতে ফুটবল ভক্তদের জন্য মাঠের খেলা ও ডিজিটাল প্ল্যাটফর্মে যৌথভাবে নানা আকর্ষণীয় ক্যাম্পেইন ও ইভেন্ট নিয়ে আসবে টেকনো এবং হামজা চৌধুরী।

আপনার মতামত দিন