সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের সমস্যার কথা সরাসরি শুনতে আলফাডাঙ্গায় এক ব্যতিক্রমী উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের মহিষারঘোপ বাজারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।
সভায় এলাকার তৃণমূল মানুষ সরাসরি সংসদ সদস্যের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়নসংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। বিশেষ করে সড়ক সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক বিভিন্ন সমস্যা নিরসন এবং এলাকার সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে স্থানীয়রা মতামত ব্যক্ত করেন।
স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা। সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা সমস্যা ও তাদের প্রত্যাশার কথা সরাসরি শোনার জন্যই এই আয়োজন।”
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলে এলাকার প্রকৃত সমস্যা ও প্রয়োজনগুলো সহজেই চিহ্নিত করা যায়। তাই যেকোনো উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নিজেরা সরাসরি সংসদ সদস্যের কাছে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরতে পেরে গভীর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আলোচনায় উঠে আসা সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান মিলবে—এমনটাই প্রত্যাশা তাদের।

আপনার মতামত দিন