কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানে এক অনন্য মাইলফলক অর্জিত হয়েছে। বিশ্বে প্রথমবারের মতো সরাসরি এআই-এর সহায়তায় মস্তিষ্কের অত্যন্ত জটিল ও সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের শল্যচিকিৎসকরা।
যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের ৪৮বছর বয়সী দুই সন্তানের জনক রিস হিববার্টের মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডে গড়ে ওঠা ১১ মিলিমিটারের একটি ক্যানসারহীন টিউমার এই প্রযুক্তির মাধ্যমে সফলভাবে অপসারণ করা হয়। সময়মতো অস্ত্রোপচার না হলে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারতেন। দেড় বছর আগে হঠাৎ খিঁচুনি ও অজ্ঞান হওয়ার পর তাঁর এই টিউমার ধরা পড়ে। টিউমারটি অপটিক স্নায়ুতে চাপ দেওয়ায় তাঁর দৃষ্টিশক্তি সংকুচিত হয়ে আসছিল।
চিকিৎসকদের প্রস্তাব লুফে নিয়ে রিস হিববার্ট এই পরীক্ষামূলক অস্ত্রোপচারের প্রথম রোগী হতে সম্মত হন। নাকের ভেতর দিয়ে এন্ডোস্কোপ প্রবেশ করিয়ে খুলির আড়ালে থাকা টিউমারে পৌঁছানোর এই প্রক্রিয়ায় মূল চ্যালেঞ্জ ছিল সঠিক ও নিরাপদ পথ খুঁজে বের করা। এই জটিলতা মোকাবেলায় এআই সিস্টেমটি দ্বিতীয় স্ক্রিনে সরাসরি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রক্তনালী, স্নায়ু ও টিউমার শনাক্ত করতে এবং সবচেয়ে নিরাপদ পথ দেখাতে নিখুঁত পরামর্শ দেয়। শত শত অস্ত্রোপচারের ডেটা দিয়ে প্রশিক্ষিত এই এআই সিস্টেমটি চিকিৎসকদের একজন দক্ষ দ্বিতীয় বিশেষজ্ঞ হিসেবে সহায়তা করেছে, যদিও সম্পূর্ণ নিয়ন্ত্রণ চিকিৎসকদের হাতেই ছিল।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ এবং গুগলের অর্থায়নে পরিচালিত দীর্ঘ গবেষণার প্রথম বাস্তব প্রয়োগে অসাধারণ সাফল্য মিলেছে। অস্ত্রোপচারের পর রিস হিববার্ট তাঁর দৃষ্টিশক্তি ও শারীরিক সক্ষমতা ফিরে পেয়েছেন এবং আগের সব পার্শ্বপ্রতিক্রিয়া দূর হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতে উদ্ভাবনবিষয়ক মন্ত্রী জেমস ফ্রিথ এই সাফল্যে আনন্দ প্রকাশ করে নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছেন। গবেষক দলটি এখন এই প্রযুক্তিকে আরও বড় পরিসরে পরীক্ষামূলকভাবে প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মতামত দিন