সাম্প্রতিক অতিবৃষ্টি ও সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিনভর থেমে থেমে গাড়ি চলার পর বিকেলের দিকে পরিস্থিতির অবনতি ঘটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। শনিবার সকালেও মহাসড়কের ওই অংশে যানবাহন প্রায় স্থবির হয়ে ছিল।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি এড়াতে জরুরি মেরামতকাজ শুরু হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এই কাজ চলায় মাত্র এক লেন দিয়ে যানবাহন চলাচল করছে। এর ফলেই এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম। তিনি জানান, যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় দূরপাল্লার বাসের যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বাসে থাকা নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা মারাত্মক কষ্ট ভোগ করছেন।

আপনার মতামত দিন