রাজধানীর কাঁচাবাজারগুলোতে ফের দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজি, পেঁয়াজ, মাছ ও মাংসের দাম একলাফে বেড়ে পৌঁছেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। শুক্রবার (৩১ জুলাই) ঢাকার বিভিন্ন খুচরা বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরদামের এই ঊর্ধ্বমুখী চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
অগ্নিমূল্য সবজির বাজারে
বাজারের সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। সবজির তালিকায় মানভেদে বেগুনের কেজি ১২০ থেকে ১৮০ টাকা এবং টমেটো ১৬০ থেকে ২০০ টাকায় ঠেকেছে।
১০০ থেকে ১৪০ টাকা কেজি: করলা, গাজর। ৮০ থেকে ১০০ টাকা কেজি: কচুর লতি, কচুরমুখী, বরবটি ও শসা। ৭০ থেকে ৮০ টাকা কেজি: পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা। পেঁপে ৪০ টাকা, আলু ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা।
পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। ধনেপাতা কেজিপ্রতি ২২০ থেকে ৩০০ টাকা এবং ক্যাপসিকাম ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর হালি ১৫-৩০ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ৬০-৮০ টাকা। প্রতি আঁটি লাল শাক ২৫ টাকা ও লাউ শাক ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
মাছের বাজারে রেকর্ড দর
মাছের বাজারে সাধারণ ক্রেতাদের স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। ছোট ও মাঝারি আকারের ইলিশ কেজিপ্রতি ১২০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হলেও ১ কেজি ওজনের ইলিশের দাম পৌঁছেছে ৩,২০০ টাকায়।
চিংড়ি ৮০০–৯০০ টাকা, টেংরা ও শোল ৭০০ টাকা, বাইম ৬০০–৮০০ টাকা এবং দেশি কই ৭০০–৮০০ টাকা কেজি। চাষের মাছ: রুই ৩০০–৪৫০ টাকা, পাবদা ৩৫০–৪০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং শিং মাছ ৩০০–৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রূপচাঁদা, বড় শোল ও নদীর তাজা বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিতে ১,০০০ টাকার বেশি গুনতে হচ্ছে।
মাংস ও ডিমের বাজার
মাংসের বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম কেজিপ্রতি ৭৫০ টাকা। অন্যদিকে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১,৩০০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।
ডিমের বাজারেও পড়েছে বাড়তি দামের কোপ। এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায় এবং হাঁসের ডিমের ডজন ২০০ টাকা। দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি ককের ডিম ৭০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

আপনার মতামত দিন