পরিবহন শ্রমিকদের মারধর ও বাসে হামলার প্রতিবাদে এবং মহাসড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানান, গত বৃহস্পতিবার সদর উপজেলার আলোকদিয়া এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ইজিবাইক চালক ও শ্রমিকরা। এ সময় বাসেও ভাঙচুর চালানো হয়।
এই ঘটনার পর নিরাপত্তা নিশ্চিতকরণ ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রাথমিক পর্যায়ে শুক্রবার সীমিত পরিসরে কিছু রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় শনিবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ সকল রুটে একযোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিক গ্রুপ। শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।

আপনার মতামত দিন