আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন। হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে গন্তব্যস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে 'এল কারমা' এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
ভয়াবহ এই দুর্ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই ঘটনার জন্য দায়ী চালক বা সংশ্লিষ্টদের ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’ বলে আখ্যা দেন। একই সাথে নিরপেক্ষ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এদিকে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
বাসটি হঠাৎ কেন সড়ক থেকে ছিটকে পড়েছিল, তার সঠিক কারণ এখনো জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন