লিওনেল মেসির দুর্দান্ত চার গোলের সুবাদে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এর মাধ্যমে চলতি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের অন্যতম বড় এবং স্মরণীয় জয় তুলে নিয়েছে ডেভিড বেকহামের দল।
আজ রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে মন্ট্রিয়লের মুখোমুখি হয় স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ২০ মিনিটে ক্যাসেমিরোর গোলে দলটি এগিয়ে গেলেও ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবারের গোলে সমতায় ফেরে সফরকারী মন্ট্রিয়ল।
তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে শুরু হয় চিরচেনা মেসি ম্যাজিক। ম্যাচের ৪০ মিনিটে বাঁকানো দারুণ এক শটে মায়ামিকে আবারও এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর দ্বিতীয়ার্ধেও তার একক আধিপত্য বজায় থাকে। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি।
ম্যাচের ৮৩ মিনিটে গোলরক্ষক থমাস গিলিয়েরকে বক্সে একা পেয়ে দুর্দান্ত এক চিপ শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আর নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে নিজের চতুর্থ ও দলের হয়ে সপ্তম গোলটি আসে তার আইকনিক ফ্রি-কিক থেকে। নিখুঁত শটে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেদ করে বল জালের ডান প্রান্তে জড়িয়ে দেন তিনি। এমএলএসে যোগ দেওয়ার পর এটিই তার ক্যারিয়ারে এক ম্যাচে চার গোল করার প্রথম কীর্তি। এর আগে ইন্টার মায়ামির জার্সিতে ২০২৪ সালে নিউ ইংল্যান্ড রেভল্যুশন এবং ২০২৫ সালে ন্যাশভিলের বিপক্ষে দুটি হ্যাট্রিক করেছিলেন তিনি।
এই চার গোলের সুবাদে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। এর মাধ্যমে এফসি ডালাসের ফরোয়ার্ড পেতার মুসাকে পেছনে ফেলে এমএলএসের গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন মায়ামি অধিনায়ক। পাশাপাশি, মন্ট্রিয়লের বিপক্ষে ৭ গোল করে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন ক্লাব রেকর্ডও গড়েছে ইন্টার মায়ামি। একই সঙ্গে গত ২৫ জুলাইয়ের পর এটিই এমএলএসে দলটির প্রথম জয়।
চলতি মৌসুমের নিয়মিত পর্বে এখন পর্যন্ত ৫৬ গোল করেছে ইন্টার মায়ামি, যা লিগের অন্য যেকোনো দলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে দুর্দান্ত আক্রমণভাগ ও গোলস্কোরিং রেকর্ড সত্ত্বেও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভাইল, যারা মায়ামির চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে।

আপনার মতামত দিন