ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হতে চায় উল্লেখ করে তিনি বলেন, তেহরানের ওপর ওয়াশিংটনের ‘কঠোর হামলা’ চলতেই থাকবে।
শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট বাসভবন ক্যাম্প ডেভিডে আয়োজিত এক মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, “আমরা এই যুদ্ধে বিজয়ী হতে চাই এবং বর্তমানে আমরা খুবই শক্তিশালী অবস্থানে রয়েছি। পরিস্থিতির বিচারে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শনের চেষ্টা করছি, তবে প্রতিপক্ষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।”
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট জানান, “বিষয়টি একদম পরিষ্কার—ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না।”
ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা তাদের ওপর হামলা আরও জোরদার করব। একপর্যায়ে তারা নিজেই স্বীকার করতে বাধ্য হবে যে, পরিস্থিতি আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।”
ইরান এখনও শক্ত প্রতিরোধ গড়ে তুলছে—এমন আন্তর্জাতিক প্রতিবেদন ও ধারণাকে নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, “ইরান চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তারা বিশ্বমঞ্চে অসততার পরিচয় দিয়েছে, তাই তাদের সাথে কোনো ধরনের আপস বা সমঝোতায় যাওয়াও অসম্মানজনক।”
ইরানের সাথে চলমান এ যুদ্ধকে ভিয়েতনাম ও আফগানিস্তানের তৎকালীন যুদ্ধের সাথে তুলনা করেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এ অভিযানে মাত্র পাঁচ মাস ধরে যুক্ত থাকলেও এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে প্রায় 'সম্পূর্ণ ধ্বংস' করে দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন