চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়ানসের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক নেইমার জুনিয়র মৃদু ফ্লুর উপসর্গের কারণে শুক্রবারের মূল অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি।
বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় নিও কিমিকা অ্যারেনায় করিন্থিয়ানসের মুখোমুখি হবে সান্তোস। ম্যাচটি সামনে রেখে সিটি রেই পেলে প্রশিক্ষণ কেন্দ্রে কোচ কুকার অধীনে যখন শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতি চলছিল, তখন অনুপস্থিত ছিলেন নেইমার।
তবে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কার কথা জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। চোট বা অসুস্থতা যাতে গুরুতর আকার ধারণ না করে, সে জন্য মেডিকেল টিমের পরামর্শে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফ্লুর উপসর্গ থাকায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী শুক্রবারের অনুশীলন থেকে তাকে দূরে রাখা হয়। করিন্থিয়ানসের বিপক্ষে মাঠে নামার আগে তিনি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছে ক্লাবটি।
চলতি মৌসুমে সান্তোসের আক্রমণভাগে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টেও দুর্দান্ত অবদান রেখে চলেছেন নেইমার। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচে মাঠে নেমে ৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল। ফলে মর্যাদাপূর্ণ এই ডার্বিতে নেইমারের খেলা নিয়ে সান্তোস সমর্থকদের মাঝে কৌতূহল ও উদ্বেগ কাজ করছে।

আপনার মতামত দিন