ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলে নজিরবিহীন পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান সিরিজ থেকেই সাতজন ক্রিকেটারকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে দলের প্রধান কোচ ও বোলিং কোচকে।
লর্ডসে রোববারের এই হারটি ছিল বিগত ১১টি অ্যাওয়ে টেস্টে পাকিস্তানের দশম এবং শেষ ২০ টেস্টে ১৫তম পরাজয়। বর্তমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মাত্র দুটি জয় ও ছয়টি পরাজয়ে ১৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে বাবর আজমের দল। হেডিংলি ও লর্ডসের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানের হারের পরেই মূলত পিসিবি এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
দল থেকে অব্যাহতি পাওয়া সাত ক্রিকেটার হলেন— মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর এবং খুররম শাহজাদ। পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দিয়ে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে মাইক হেসন এবং অ্যাশলে নফকে।
তাদের পরিবর্তে দলে সুযোগ পাওয়া সাত নতুন মুখ হলেন— সাইম আইয়ুব, আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, সাদ বেগ, মুহাম্মদ রানধাওয়া, রেজাউল্লাহ এবং মুহাম্মদ ইমরান জুনিয়র। এদের মধ্যে সাইম আইয়ুব আটটি ও আবদুল্লাহ ফজল দুটি টেস্ট খেলেছেন। বাঁহাতি স্পিন-অলরাউন্ডার আরাফাত মিনহাস তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার সাদ বেগ ২০২৫-২৬ কায়েদ-ই-আজম ট্রফিতে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ এবং মোহাম্মদ ইমরান জুনিয়রেরও আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তবে ডানহাতি পেস-বোলিং অলরাউন্ডার মুহাম্মদ রানধাওয়া ও রেজাউল্লাহর জন্য এটি প্রথম আন্তর্জাতিক ডাক। আগামী বার্মিংহাম টেস্টের আগেই নতুন এই ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন।
বার্মিংহাম টেস্টের জন্য পাকিস্তানের হালনাগাদ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), রেজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ এবং উবাইদ শাহ।

আপনার মতামত দিন