হোম / খেলাধুলা / মেসির আন্তর্জাতিক বিদায়: আন্তোনেলার আবেগঘন বা...
খেলাধুলা

মেসির আন্তর্জাতিক বিদায়: আন্তোনেলার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:৩০ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
আর্জেন্টিনার জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় পুরো বিশ্ব ফুটবল অঙ্গনজুড়ে তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ।

আর্জেন্টিনার জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় পুরো বিশ্ব ফুটবল অঙ্গনজুড়ে তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি এই তারকার বিদায়ের পর সতীর্থ ও ভক্তদের মতো আবেগ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। মেসির দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারের সুসময়ের পাশাপাশি কঠিন সময়গুলোরও খুব কাছ থেকে সাক্ষী থাকা আন্তোনেলা ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় তার অনুভূতি শেয়ার করেছেন।

মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতিচারণ করে আন্তোনেলা লিখেছেন, ‘কত বছর, কত মুহূর্ত, কত আনন্দ; আবার কত হতাশা ও কঠিন সময়ও ছিল। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, পড়ে যেতে দেখেছি, আবার উঠে দাঁড়াতেও দেখেছি। যখন কিছুই তোমার পক্ষে যাচ্ছিল না, তখনও তোমাকে লড়াই করে যেতে এবং বারবার চেষ্টা করতে দেখেছি।’

দীর্ঘ এই যাত্রার শেষভাগে মেসির দীর্ঘদিনের স্বপ্নপূরণের সাক্ষী হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন তিনি। আন্তোনেলা বলেন, ‘এত বছর পর আমি সৌভাগ্যবান যে তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে দেখেছি এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর কিছু মুহূর্ত তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি।’

সাম্প্রতিক সময়ে মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর শোকের আবহ ছাপিয়ে একজন ফুটবলারের বাইরেও মেসিকে একজন আদর্শ বাবা হিসেবে তুলে ধরেছেন আন্তোনেলা। তাদের তিন ছেলে থিয়াগো (১৩), মাতেও (১০) ও চিরোকে নিয়ে তিনি লেখেন, ‘এই পুরো গল্পের একটি বিষয় আমাকে বিশেষভাবে আবেগাপ্লুত করে; আমাদের সন্তানরা সবকিছু নিজেদের চোখের সামনে থেকে দেখেছে। তারা দেখেছে, তাদের বাবা কীভাবে নিজের লক্ষ্যের জন্য লড়াই করেছে, কখনো হাল ছাড়েনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে।’

বার্তার শেষাংশে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে আন্তোনেলা যোগ করেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত; তোমার পথচলা, তুমি যা কিছু অতিক্রম করে এসেছ এবং সবচেয়ে বেশি গর্বিত সেই মানুষটির জন্য, যে প্রতিটি মুহূর্তের পেছনে ছিল। তোমার পাশে থেকে এসব অভিজ্ঞতার অংশ হতে পারা কত বড় সৌভাগ্য! আমরা তোমাকে অসীম ভালোবাসি।’

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+