বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে ম্যাচ পাতানো ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে বোর্ডের তিন সাবেক কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের দীর্ঘ তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা ভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগসমূহ
মোহাম্মদ মুখলেসুর রহমান: তাঁর বিরুদ্ধে কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাচের ফল বা গতিপ্রকৃতি প্রভাবিত করার চেষ্টা, অন্যকে দুর্নীতিতে যুক্ত হতে উৎসাহিত করা, দুর্নীতির প্রস্তাবের তথ্য গোপন করা এবং তদন্তকাজে তথ্য বা প্রমাণ নষ্ট করে বাধা সৃষ্টি করা।
জাকির হোসাইন: তাঁর বিরুদ্ধে কোডের ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারা অনুযায়ী ম্যাচ অনিয়মে প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিতে উৎসাহ প্রদান এবং অ্যান্টি-করাপশন কর্মকর্তার তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
রাকিবুল ইসলাম সানি: তাঁর বিরুদ্ধে কোডের ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য গোপন এবং তদন্তে সহযোগিতা না করার বিষয়টি অন্তর্ভুক্ত।
বিসিবি জানিয়েছে, অভিযুক্ত তিনজনকেই অবিলম্বে প্রভিশনালি বা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আনুষ্ঠানিক চার্জশিট বা নোটিশ অব চার্জ পাওয়ার পর নিজেদের নির্দোষ প্রমাণ করতে তারা ১৪ দিন সময় পাবেন। এরপর বিসিবির শৃঙ্খলা নীতি ও আইসিসির কোড অনুযায়ী পরবর্তী আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে আপাতত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নয় বোর্ড।

আপনার মতামত দিন