খুলনার ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ফেরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা অনুযায়ী ট্রলারটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।
সেনের ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি ও জেলখানা ঘাট থেকে ছেড়ে যাওয়া ট্রলারটির মাঝনদীতে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই নদীর দুই পাড় থেকে ১৫ থেকে ২০টি নৌকা উদ্ধারকাজে অংশ নেয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য পরিচালনা করে।
খুলনা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ সরদার জানান, স্থানীয়দের সহযোগিতায় পানিতে পড়ে যাওয়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কেএমপি সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়নি। ভাটির দিকে নদীর তীব্র স্রোত থাকায় নৌপুলিশ স্পিডবোট নিয়ে নজরদারি অব্যাহত রেখেছে। এদিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে কাজ চলছে।

আপনার মতামত দিন