মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরটির টিনের বেড়া উড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটা এই বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাম অসুস্থ থাকায় গত পাঁচ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন এবং ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। ইমামের ঘরের চাবি মোয়াজ্জিন ও মসজিদ কমিটির অন্যান্য সদস্যদের কাছে সংরক্ষিত ছিল। ঘটনাস্থলের আলামত দেখে এটি বোমার বিস্ফোরণ বলে ধারণা করছে পুলিশ।
মসজিদ কমিটির সদস্য মালেক আকন জানান, ইমামের কক্ষে কে বা কারা বোমা রেখেছিল তা তাদের জানা নেই। নামাজরত অবস্থায় এই বিস্ফোরণ ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে উল্লেখ করে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত দিন