যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো পাঁচ বছর বয়সী মো. সাবির হোসেন ও তিন বছর বয়সী মো. জাবির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম নড়াইলে তাঁর বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, এই ক্ষোভ ও বিরোধের জের ধরেই কামাল প্রথমে তাঁর দুই সন্তানকে হত্যা করেন এবং পরবর্তীতে নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহকেই এই ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশি তদন্তের সম্পূর্ণ প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

আপনার মতামত দিন