বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন, যার মধ্যে আম ও কাঁঠাল গাছ উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদ, উপজেলা জিয়া সৈনিক দলের সভাপতি খায়রুল ইসলাম রনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নয়ন আলী, আলীরাজ শরিফ, সৈয়দ স্বপন আলী এবং পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক লাবলু সরদারসহ স্থানীয় যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কেবল গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত দিন