মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানীসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আকস্মিক এই ধর্মঘটের কারণে টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে এবং অতিরিক্ত ভাড়ায় ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, বুধবার সকালে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় বাস দুটি ভাঙচুর করে চালক ও সহকারীদের বেধড়ক মারধর করা হয় এবং ট্রিপের নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, মহাসড়কে চালক ও শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

আপনার মতামত দিন