আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আলবিসেলেস্তদের হয়ে তার এই বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বুধবার নিজেদের অফিসিয়াল বুলেটিনে এএফএ জানিয়েছে, আসছে সপ্তাহান্তে স্থানীয় ফুটবলের সব ম্যাচে দেশটির ইতিহাসের সেরা এই ফুটবলারকে বিশেষ সম্মাননা জানানো হবে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, পুরুষ ও নারী উভয় বিভাগের সব ক্যাটাগরির ম্যাচে (একাদশ ফুটবল, ফুটসাল ও বিচ ফুটবল) প্রথমার্ধের ঠিক ১০ মিনিটে খেলা সাময়িকভাবে থামানো হবে। এরপর আর্জেন্টিনার জার্সিতে মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি ও অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট ধরে চলবে করতালির গর্জন। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে কর্দোবায় অনুষ্ঠিতব্য ভেলেজ ও বোকার মধ্যকার আর্জেন্টাইন কাপের ম্যাচ থেকেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে।
এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব স্টেডিয়ামে ডিজিটাল স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের বিশেষ প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শন করা হবে। মাঠের খেলোয়াড়দের এই আয়োজনের পাশাপাশি গ্যালারির দর্শকরাও করতালি, উল্লাস, ব্যানার-ফেস্টুন এবং ইন্টার মায়ামির এই তারকাকে নিয়ে সমস্বরে গান গেয়ে এই শ্রদ্ধানুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
জাতীয় দলের হয়ে বেশিরভাগ সময় আইকনিক ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামায় প্রথমার্ধের দশম মিনিটকেই এই সম্মাননা প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশের জার্সিতে সর্বাধিক ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোলের রেকর্ড গড়ে গত সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান রোজারিওর এই জাদুকর।

আপনার মতামত দিন