সবুজ মাঠের তারকাখ্যাতি ছাপিয়ে এবার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিজিয়েন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ডকে অপহরণ ও হামলার পরিকল্পনা করেছিল একটি অপরাধ চক্র। ১৮বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত ওই চক্রের টার্গেট লিস্টে এমবাপ্পের নামও অন্তর্ভুক্ত ছিল।
প্রতিবেদনে জানা গেছে, বিত্তশালী ব্যক্তি, র্যাপার এবং নামী ফুটবলারদের নিশানা করে অপহরণের ছক কষছিল ওই চক্রটি। তদন্তে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে, সশস্ত্র ডাকাতি ও মানবপাচারের মতো গুরুতর অপরাধে ভিলপেন্ট কারাগারে বন্দি থেকেও স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে পুরো নেটওয়ার্কটি চালাচ্ছিল ক্লিমেন্ট এল. নামের এক ১৮বছর বয়সী ফরাসি-সুইস তরুণ। তদন্তকারীদের জোরালো সন্দেহ, কারাগারে বসেই ‘লেস্টার জেড.’ ছদ্মনাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডের সুতো টানছিলেন তিনি।
গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়েই এই অপরাধ চক্রের সন্ধান পায় ফরাসি পুলিশ। পরবর্তীতে সন্দেহভাজনদের মোবাইল ফোন ও নানা তথ্য-উপাত্ত ঘেঁটে সম্ভাব্য টার্গেট করা ব্যক্তিদের ব্যক্তিগত ঠিকানা ও তথ্য উদ্ধার করেন তদন্তকারীরা। সেই তালিকায় নামী গায়ক ও বিত্তশালী ব্যবসায়ীদের পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলারের নামও পাওয়া যায়। প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, এক গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ এলাকার এক তুর্কি পাইকারি বিক্রেতাও এই চক্রের নিশানায় ছিলেন।
তবে এসব নামের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে কিলিয়ান এমবাপ্পের নাম। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই চক্রের মূলহোতা এক খ্যাতনামা র্যাপারের পাশাপাশি ফরাসি সুপারস্টার এমবাপ্পেকেও অপহরণ বা হামলার টার্গেট করতে চেয়েছিল। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্ব ফুটবলের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ শুরু হয়েছে।

আপনার মতামত দিন