সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসির মিয়া (৩৫) নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে এই ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পালিয়ে যাওয়া আসির মিয়া ওই গ্রামেরই বাসিন্দা এবং তার বিরুদ্ধে একটি পুরোনো মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূর উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল আসির মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে হাতকড়া পরিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নিয়ে যাওয়ার পথে দামোধরদপী পয়েন্টে পৌঁছালে স্থানীয় লোকজনের ভিড় ও হইচই শুরু হয়। এই সুযোগে সিএনজি থেকে নেমে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পলায়নের সময় আসামির আত্মীয়স্বজন ও স্থানীয় কিছু ব্যক্তি তাকে সহযোগিতা করেছেন। এমনকি পালিয়ে যাওয়ার সময় আসির মিয়া নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজেকে নিরপরাধ দাবি করে বিভিন্ন বক্তব্য দেন। আসামি পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেফতারে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
ঘটনার বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ জানান, পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে এবং তাকে পুনরায় গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। কীভাবে এই ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার জানিয়েছেন বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন, তবে এমন কিছু ঘটে থাকলে তা খতিয়ে দেখা হবে।

আপনার মতামত দিন