অনুমতিবিহীন বাস প্রবেশ ও গাড়ি আটকে রাখার পাল্টাপাল্টি ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নাটোরের ওপর দিয়ে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রাজশাহীর বাসগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে হঠাৎ করেই বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বাস বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখতে টার্মিনালে যাচ্ছেন।
অন্যদিকে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, রাজশাহীর 'রাব্বি পরিবহন' এর একটি বাস অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় স্থানীয় শ্রমিকরা সেটিকে ফেরত পাঠায়। এর জেরে রাজশাহীতে নাটোরের কয়েকটি বাস আটকে দেওয়ার ঘটনা ঘটে। তবে এই অচলাবস্থার মধ্যেও ঢাকাগামী কোচগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে এবং দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আপনার মতামত দিন