রাজশাহী ও নাটোরের পরিবহন মালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নাটোরের মালিকপক্ষ রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের বেশ কয়েকটি বাস আটকে দেওয়ার প্রতিবাদে রাজশাহীর পরিবহন মালিকপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে দর্শনাগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে পৌঁছালে তুহিন পরিবহনের মালিকপক্ষ সেটি আটকে দেয়। এ সময় বাসটির যাত্রীদের মালামাল নামিয়ে অন্য বাসে তুলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়ায় রাজশাহীতে তুহিন পরিবহনের তিনটি বাস আটকে রাখে স্থানীয় শ্রমিকরা। পরে উভয় পক্ষের মধ্যস্থতায় বাসগুলো ছেড়ে দেওয়া হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এরই জেরে শনিবার সকালে নাটোরে আবারও রাজশাহীর ঢাকাগামী বাস আটকানোর ঘটনা ঘটে।
বাস চলাচল বন্ধ থাকায় এদিন সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন কাউন্টারে এসে বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অনেকে টিকিট কেটে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকল্প যানবাহনের খোঁজ করেন।
পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, দুই জেলার বাস মালিক ও শ্রমিকদের এই বিরোধ নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে।

আপনার মতামত দিন