দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন 'নাজকা লাইনস' দেখার উদ্দেশ্যে যাত্রা করা একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের দুই ক্রু এবং ১১ জন বিদেশি পর্যটকসহ মোট ১৩ জনের সবাই প্রাণ হারিয়েছেন।
শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর রাজধানী লিমা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ কর্মকর্তা জর্জ আন্দ্রাদে জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই বিমানের সব আরোহীর মৃত্যু হয়। উদ্ধারকর্মীরা এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করেছেন।
পেরুর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, প্রাণ হারানো ১১ যাত্রীই বিদেশি পর্যটক। স্থানীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির এবং দুজন স্পেনের নাগরিক।
দুর্ঘটনাকবলিত বিমানটি পরিচালনা করছিল 'অ্যারোডিয়ানা' নামের একটি বিমান সংস্থা। প্রতিষ্ঠানটি ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নাজকা লাইনস আকাশপথে ঘোরানোর জন্য নিয়মিত দর্শনীয় ফ্লাইট পরিচালনা করে থাকে। পেরুর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, উড্ডয়নের পরপরই বিমানে কোনো যান্ত্রিক বা জরুরি পরিস্থিতি তৈরির কারণে এটি ভেঙে পড়ে।
উল্লেখ্য, মরুভূমির বুকে আঁকা রহস্যময় 'নাজকা লাইনস' দেখতে প্রতিবছর হাজারো পর্যটক ছোট বিমানে চড়ে আকাশে উড়াল দেন। তবে এই এলাকায় বিমান দুর্ঘটনার ঘটনা নতুন নয়; এর আগে ২০২২ সালে একই এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে সাতজন এবং ২০১০ সালে অপর একটি দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন।

আপনার মতামত দিন