হোম / খেলাধুলা / ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে দিল বার্সা
খেলাধুলা

ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে দিল বার্সা

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪১ অপরাহ্ন
৯০ বার পঠিত
ফন্ট:
লা লিগায় দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

লা লিগায় দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

শুক্রবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পরাজিত হওয়ার পর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাল কাতালান ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে শিরোপা ধরে রাখার জোরালো বার্তা দিয়েছে তারা।

ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। তবে তার আরেকটি শট অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া দলের পক্ষে একটি করে গোল করেছেন ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রি।

এ জয়ে লা লিগায় মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটিতেই জয় পেল বার্সেলোনা। দুর্দান্ত এই শুরু চার ম্যাচে তাদের মোট গোলসংখ্যা ১৭টিতে নিয়ে গেছে। অন্যদিকে, চার ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা; ফেরমিন লোপেজের চমৎকার পাস পেয়ে কঠিন কোণ থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান লামিনে ইয়ামাল। এর দুই মিনিট পর ইয়ামাল আবারও বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

খেলার ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। বক্সের ভেতর থেকে নিখুঁত পাসে দুর্দান্ত জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফেরমিন লোপেজ। প্রথমার্ধেই আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল তারা, তবে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্টোলে দিমিত্রিয়েভস্কির দৃঢ়তায় ব্যবধান বাড়েনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল আদায় করে নেয় অতিথিরা। ইয়ামাল ও ফেরমিনের দারুণ বোঝাপড়ায় সুযোগ পান রাফিনিয়া, যিনি মাত্র এক গজ দূর থেকে বল জালে পাঠাতে ভুল করেননি। এরপরও বার্সেলোনার আক্রমণ অব্যাহত থাকে।

ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে স্কোরলাইন ৪-০ করেন পেদ্রি। বদলি হিসেবে নামা দানি ওলমোর কাছ থেকে বল পেয়ে নিচের কোণে নিখুঁত শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। এর ঠিক পাঁচ মিনিট পর ফাঁকা জায়গার সদ্ব্যবহার করে দানি ওলমোর বাড়ানো বলে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি পূর্ণ করেন ইয়ামাল। শেষ পর্যন্ত ৫-০ গোলের দর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পরাশক্তি বার্সেলোনা।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+