ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কথিত কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক ও লোকাল বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং তীব্র নিন্দা জানান।
পরে পৌর সদর বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
বক্তারা বলেন, বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে পারে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা নাসীরুদ্দীন পাটওয়ারীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং অন্যথায় রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন