নতুন পথচলার ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী মৌসুমের জন্য বাংলাদেশ নারী ও পুরুষ জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জার্সি উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন এই জার্সিতেও দেশের স্বনামধন্য কিট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’।
এবারের জার্সির ডিজাইনটি বেশ ভিন্ন আঙ্গিকে করা হয়েছে। সমর্থকদের পাঠানো প্রায় ১৫০০টি ডিজাইন থেকে বাছাই করা ৩১টি উপাদানের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে, যেখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্য। হোম ম্যাচের জন্য সাদা জার্সির সাথে লাল শর্টস এবং অ্যাওয়ে ম্যাচের জন্য সম্পূর্ণ সবুজ রঙের জার্সি ও শর্টস রাখা হয়েছে।
বিশেষ করে, উভয় জার্সিতেই দেশীয় সংস্কৃতির টেক্সচার এবং খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দ্রুত শুকানোর উপযোগী বিশেষ কাপড়ের ব্যবহার করা হয়েছে।

আপনার মতামত দিন