হোম / বিশ্ব / পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী বোমা হামলায়...
বিশ্ব

পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট, ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি থানার প্রবেশদ্বারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি থানার প্রবেশদ্বারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তঘেঁষা কাবাল শহরের একটি থানার সামনে এই হামলার ঘটনা ঘটে।

সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা ওমর খান জানান, প্রবেশপথে তল্লাশির সময় পুলিশ সদস্যরা বাধা দিলে হামলাকারী নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। ওই এলাকার কাছাকাছি স্থানে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে স্থানীয়দের আয়োজিত একটি গণবিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পরপরই হামলাটি ঘটে।

সোয়াত পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফিদা হোসেন জানিয়েছেন, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বিক্ষোভকারীরা জানান, এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন 'পাকিস্তান তালেবান' (টিটিপি) পুনরায় সংগঠিত হচ্ছে। সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে এক বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, "সাধারণ মানুষের ওপর কঠোর নিয়মকানুন চাপানো হলেও সশস্ত্র গোষ্ঠীগুলো পাহাড়ি এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমরা আর এক প্রজন্ম বিধবা ও এতিম দেখতে চাই না।"

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রপ্রধানরা দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সমগ্র এলাকাটি ঘিরে ফেলে তদন্ত কাজ শুরু করেছে। সম্প্রতি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টিটিপি-র হামলা উদ্বেগজনক হারে বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্যমতে, গত জুলাই মাসেই অঞ্চলটিতে পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ১৫৪ জন প্রাণ হারিয়েছেন। ইসলামাবাদ এসব হামলার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করলেও কাবুল শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+